
প্রতিনিধি ২ আগস্ট ২০২৫ , ৯:২০:৫১ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও পীরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই ফার্মেসিকে জরিমানা
রবিউল ইসলাম রিমন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের প্রমাণ মিলেছে।
অভিযানে দেখা যায়, ফার্মেসি দুটি দীর্ঘদিন ধরে পুরনো ওষুধ মজুত রেখেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে দোকান দুটি কে ১,৫০০ টাকা করে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, ওষুধের মতো গুরুত্বপূর্ণ পণ্যে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চলাকালে স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই বলেন, তারা বুঝতেই পারেননি যে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। এখন থেকে তারা ওষুধ কেনার আগে অবশ্যই মেয়াদ যাচাই করবেন।
সাধারণ ভোক্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে— ওষুধ কেনার আগে মেয়াদ পরীক্ষা করতে, রশিদ সংগ্রহ করতে এবং সন্দেহ হলে সরাসরি ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে।
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান আরও বেশি হলে শুধু ঠাকুরগাঁও নয়, দেশের সর্বত্রই সচেতনতা বাড়বে।

















