
প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৯:৫৪:৪৭ প্রিন্ট সংস্করণ
মোঃ রবিউল ইসলাম রিমন জেলা প্রতিনিধি, আলোকিত বার্তা ৭১ ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয়ী র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় পীরগঞ্জ চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। হাতে হাতে জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল গোটা শহর।

বক্তারা বলেন, “৫ই আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনটি শুধু একটি তারিখ নয়—এটি গণতন্ত্র, স্বাধীনতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের চেতনার প্রতীক।”
আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, এই দিবস নতুন প্রজন্মকে গণতন্ত্রপ্রেমী করে তুলবে এবং শাসকগোষ্ঠীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি যোগাবে।
সমাবেশ শেষে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

















